প্রেম আগুনে পুড়ে হয়ছি ছাই
দোজখ আমার ফুলের বাগান
প্রেম আগুনে পুড়ে হয়ছি ছাই
দোষী না দোষী না রে বন্ধু
বন্ধু দোষী না তোমারে
যা কিছু হইয়াছে আমার
এই কপালের ফেরে রে।
আজ আসবে কাল আসবে বলে
গেল বৃন্দাবনে
কাল বুঝি তোমার কালে খাইল
তুমি না আসিলে কেনে রে।
কাঙাল উকিল মুনশির কপাল মন্দ
ঘুরি দেশ-দেশান্তরে
একবার তুমি দিয়ে দেখা
যা খুশি করিও রে
দূর গো দেশের মাঝি ভাই
ছাড়ছ রঙিন তরি
আমায়নি নিবা নাইওর
যাইতাম বাপের বাড়ি।
খাইতে গেলে ভাত মিলে না
পরনে নাই কাপড়,
আর কত দিন রইবো মাঝি
বোবা স্বামীর ঘর,
ভিজা মাটি ভাঙা চাটি
উপরে নাই মশারি ।
চারি বেহারায় নিবে আমায়
বাঁশের পালঙ্ক করি,
যতন করে রাখবে আমায়
সাড়ে তিন হাত বাড়ি,
উকিল বলে নাইওর গেলে
আসবো না আর ফিরি।
দুঃখিনীর বন্ধু রে অভাগীর বন্ধু রে
একবার সামনে দাঁড়াও
কী কারণে আমার সনে করো না রাও রে ।
তোমারই বিরহানলে সদায় জ্বলে গাও
তবে কেন এ দাসীরে শতবার কাঁদাও রে।
ভুবনমোহন রূপে জগৎ ভোলাও
অভাগিনীর কী দোষ পাইয়া হঠাতে লুকাও রে।
চরণধূলি মাথায় দিতে যদি দুঃখ পাও
ধুলায় উকিল শুয়ে আছি বুকে রাখো পাও রে।
দুঃখ রইল আমার বুকেতে
পারলাম না সাধ মিটাইতে ।
আমার রূপ গেল যৌবন গেল
গেল রে বন্ধুর আশাতে ।
আমারে করিয়া দোষী
বন্ধুয়া হইল বিদেশি রে
আমি দাসী দিবানিশি ভাসি রে
নয়ন জলেতে।
হায় হায় রে নয়নের পানি
পানি রে মজাব যত দিনরজনী রে
পাইতাম যদি তার চরণখানি
লাগতাম তার সেবাতে ।
তোমরা সখি আমার হইয়া
বন্ধুর সনে দেও মিলাইয়া গো
আমার বন্ধুর নামের দুইটি অক্ষর
লেখো উকিলের সিনাতে।
দুঃখ দিতে ভালোবাসো জানিলাম এবার
তোমার দান করা দুঃখ বুক পাতিয়া নিব অনিবার।
বন্ধু রে, দুঃখ-সুখে তুমি রাজা
আমার মাথে দেও বোঝা
এই দুঃখেরে ভয় করি না আর,
তুমি সুখী করো শত শত
দুঃখ আমার আছে কত
তব পদে স্থান রাখিও আমার ।
বন্ধু রে, এ জগতে সুখী যারা
দুঃখ মনে পায় না তারা
দুঃখ প্রাণে সহিবে না তার,
আমি হই দুঃখের ভাগী
দুঃখ রাখিও আমার লাগি,
উকিলের দুঃখ কে বুঝিবে
তুমি না হইলে আমার ৷
দয়াল মা মাগো
তোর ছেলে মা কান্দে তোর দায় ।
মাগো মা
ছেলের কান্দন শুনিয়া
কেউ যদি লয় কোলে তুলিয়া
তখন ছেলে মুখ পানে চায়
পরের মায়ের মুখ দেখিয়া ছেলে কান্দন বাড়ায় ।
মাগো মা
ছেলের কান্দন শুনিয়া
মায়ে যদি লয় কোলে তুলিয়া
তখন ছেলে মুখ পানে চায়
মায়ের চান্দমুখ দেইখা ছেলে হাত-পা নাচায় ।
মাগো মা
উকিল তোমার পাগলা ছেলে
ভাসাইলে গহিন জলে
তোমার ছেলে কুন্ডীর রে ডরায়
দয়াল মা কাছে না থাকলে তোমার ছেলেরে কে বাঁচায়।